রাজধানীতে মন্দির পুরোহিতের ওপর নির্মম হামলা: রাতভর নির্যাতন ও মুক্তিপণ আদায়
ঢাকার ওয়ারী থানা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় মন্দিরের এক পুরোহিতকে সশস্ত্র দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর জখম করেছে। একই সঙ্গে রাতভর আটকে রেখে অমানবিক নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করা হয়েছে।
ঢাকার ওয়ারী থানা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরী (২৫) কে সশস্ত্র দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুভাষ মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর গ্রামের শ্যামল দেউরীর ছেলে এবং বর্তমানে ওয়ারীর ১৫ নারিন্দা রোডে একটি ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগীর রুমমেট দুর্জয় সাহা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুভাষ বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে গেলে সেখানে ওত পেতে থাকা ৬ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা সুভাষকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে।
অভিযোগ অনুযায়ী, রক্তাক্ত করার পর দুর্বৃত্তরা সুভাষকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং তাকে জিম্মি করে রাতভর বিভিন্ন স্থানে নিয়ে যায়। নির্যাতনের মুখে তার মোবাইল ফোন থেকে স্বজনদের কাছে কল করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এ সময় প্রাণভয়ে সুভাষের রুমমেট দুর্জয় অন্তত ৬ হাজার টাকা এবং তার পরিবার আরও ২০-২৫ হাজার টাকা অপহরণকারীদের দেওয়া নম্বরে পাঠায়। এছাড়া দুর্বৃত্তরা সুভাষের ব্যাংকের চেক বই ও বিভিন্ন পিনের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সারারাত তার সামনেই দুর্বৃত্তরা মাদক সেবন করে এবং অমানবিক নির্যাতন চালায়।
ভোররাতের দিকে সুভাষের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে তার বাসার সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন এবং সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক এবং তার মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ারী থানাকে অবগত করা হয়েছে এবং থানার একটি টিম ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।