সব সংবাদ
জাতীয়

সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলমকে বদলি করা হয়েছে

সরকার সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে সরিয়ে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করেছে। তিনি শাহজালালের মাজারে দানবাক্স স্থাপন ও আনসার মোতায়েন করার পর ক্ষোভের মুখে পড়েছিলেন।

হযরত শাহজালালের (র.) মাজারে নতুন দানবাক্স স্থাপন এবং আনসার সদস্য মোতায়েন করার ঘটনায় আলোচনার মধ্যে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সরিয়ে দেওয়া হয়েছে। তাকে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে রোববার আদেশ জারি করা হয়েছে। সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন গত বৃহস্পতিবার শাহজালালের মাজারে কয়েকটি নতুন দানবাক্স স্থাপন করে। একই সঙ্গে মাজারে থাকা ঐতিহাসিক তিনটি 'ডেগ সিলগালা' করা এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মাজার ভক্তরা। পরদিন সিলেটের হযরত শাহপরাণ (র.) মাজার পরিদর্শন করে মাজারটির আয়-ব্যয়ে স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন ও মাদকের আসর বন্ধে বিভিন্ন নির্দেশনা দেন ডিসি সারওয়ার আলম। ২০২৫ সালের ১৮ অগাস্ট সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে প্রশাসন ক্যাডারে যোগ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে র্যাবে যোগ দিয়ে ভেজালবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করে আলোচনায় ছিলেন তিনি। ২০১৯ সালে ক্যাসিনো বন্ধে অভিযান চালানোর পর করোনাভাইরাস মহামারীর মধ্যে হাসপাতালগুলোতে চলা অভিযানেও নেতৃত্বে ছিলেন। ২০২০ সালে তখনকার সংসদ সদস্য হাজী মো. সেলিমের বাড়িতে অভিযানেও নেতৃত্ব দেন এবং হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমকে দেড় বছরের সাজা দেন। প্রায় ছয় বছর ধরে একই দায়িত্বে থাকার পর ২০২০ সালের নভেম্বরে তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়, পরে তিনি পদোন্নতি পেয়ে উপসচিব হন।