সব সংবাদ
রাজনীতি

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল: সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের প্রতিবাদে তার অনুসারীরা সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। এতে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে হাজারো যাত্রী আটকা পড়েন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়ের পর তার সমর্থকরা মঙ্গলবার বিকেলে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেল ৩টার দিকে সীতাকুণ্ডের টেরিয়াইল, বাড়বকুণ্ড ও ছোটো দারোগারহাট এলাকায় এই অবরোধ শুরু হয়। ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং হাজারো যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। হাইওয়ে পুলিশ চট্টগ্রাম জোনের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান জানান, প্রথমে এক জায়গায় অবরোধ করা হয়েছিল, পরে সেটি উঠিয়ে নেওয়া হলেও বিক্ষোভকারীরা তিনটি পৃথক স্থানে আবার অবরোধ শুরু করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাসযাত্রী নীলয় সেনগুপ্ত জানান, ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে ভয়াবহ যানজট রয়েছে এবং বিক্ষোভকারীরা বাড়বকুণ্ড স্কুলের সামনে ব্যারিকেড দিয়েছেন। প্রায় দুই ঘণ্টা ধরে নারী-শিশুসহ সবাই চরম ভোগান্তিতে আছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা আসলাম চৌধুরীর পক্ষে স্লোগান দিচ্ছেন বিক্ষোভকারীরা এবং তারা আদালতের রায় প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।