হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭১৮, গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা ৭১৮ জনে পৌঁছেছে। এ পর্যন্ত ১১ হাজার ৯৬৫ জনের শরীরে নিশ্চিত হাম সংক্রমণ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার এক বার্তায় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭১৮ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩ এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬২৫ জন। ঢাকা ও সিলেট বিভাগে উপসর্গ নিয়ে একজন করে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৪ জনের শরীরে নিশ্চিত হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন। একই সময়ে ৮৬৬ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, যার ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এক লাখ এক হাজার ৭৭ জনে পৌঁছেছে।