সব সংবাদ
অন্যান্য

গফরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় তৃতীয় শ্রেণির এক শিশু পুকুরে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকায় এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত তামিম (১১) গফরগাঁও পৌরসভার কলাবাগান এলাকার বাসিন্দা এবং কুয়েত প্রবাসী মো. রনির ছেলে। সে ইসলামিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, গতকাল দুপুর ২টার দিকে খেলাধুলা শেষে বৃষ্টির মধ্যে কয়েকজন বন্ধুর সাথে ডাকবাংলো এলাকার আলহাজ্ব নিশাই সরকার জামে মসজিদের পুকুরে গোসল করতে যায় তামিম। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি জানানো হলে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবুরি দল ও স্থানীয়রা পুকুরে জাল টেনেও শিশুটির সন্ধান পাননি। অবশেষে আজ সকালে পুকুরের পানিতে তামিমের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সচেতন মহল ও প্রশাসন অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিশেষ করে গরমের সময় শিশু-কিশোররা বড়দের অগোচরে পুকুর, ডোবা বা জলাশয়ে গোসল করতে নামে। সাঁতার না জানা, পুকুরের গভীরতা কিংবা পানির নিচের ঝুঁকিপূর্ণ পরিবেশের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই সন্তানদের চলাফেরা ও গোসলের বিষয়ে অভিভাবকদের বিশেষ নজরদারি রাখার অনুরোধ জানানো হয়েছে।