সব সংবাদ
রাজনীতি

আসলামের প্রার্থিতা বাতিল: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ

ঋণখেলাপির অভিযোগে সুপ্রিম কোর্ট কর্তৃক আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ার প্রতিবাদে তার অনুসারীরা মঙ্গলবার বিকালে সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। সিটি গেট থেকে বড় দারোগার হাট পর্যন্ত প্রায় ৩০-৪০টি স্থানে গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীকে ৫৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করলেও ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও বিভিন্ন উপায়ে সড়ক অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়। কুমিরা হাইওয়ের থানার ওসি মো. নুরুল আবসার জানান, সীতাকুণ্ড অংশে যানচলাচল বন্ধ রয়েছে। নগরীর সিটি গেইট থেকে বড় দারোগার হাট পর্যন্ত প্রায় ৩০ থেকে ৪০টি স্পটে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মী ও আসলাম চৌধুরীর অনুসারীরা। পুলিশ বিভিন্ন স্থান থেকে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর আগে গত ১৫ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে চূড়ান্ত শুনানি শেষে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়।