জুলাই মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে
জুলাই মাসে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখছে সরকার। গত ৩১ মে নির্ধারিত ভোক্তা পর্যায়ে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা জুলাই মাসেও বহাল থাকবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যানকে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ওই মূল্যহার জুলাই মাসের জন্য অপরিবর্তিত রাখা হল। ২০২৪ সাল থেকে দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করে সরকার। এ পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণের কথা বলা হয়। মূল্য নির্ধারণে আন্তর্জাতিক বাজারদর, আমদানি ব্যয়, শুল্ক-কর, ডলারের বিনিময় হার, বিপিসির মার্জিন, ভ্যাট ও বিতরণ ব্যয়ের মতো বিষয় বিবেচনায় নেওয়া হয়। এর আগে ১ জুন থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা রাখা হলেও অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানো হয়েছিল এবং সেই দরই জুলাই মাসে বহাল থাকছে।