আরবি হরফের পতাকা নিয়ে সরকার সতর্ক, চলছে তদন্ত
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরবি হরফ সম্বলিত পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, এর পেছনে সরকারের কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান আজ মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আরবি হরফ সম্বলিত পতাকা বিভিন্ন জেলায় ও সড়কে টানানোর বিষয়টি সরকারের নজরে আছে। তবে এর সাথে সরকারের কোনো সম্পর্ক নেই এবং বিষয়টি কেন এবং কীভাবে ঘটছে তা খতিয়ে দেখা হচ্ছে। তথ্য উপদেষ্টা আরও বলেন, এ নিয়ে কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ ব্যাপারে সরকার সচেতন। তিনি ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন এবং আশা প্রকাশ করেছেন এই জিনিস আর এভাবে চলবে না। এদিকে, কালো-সাদা পতাকার বিস্তার নিয়ে প্রতিবেদন প্রকাশের পর প্রাণনাশের হুমকি পাওয়ায় ঢাকা স্ট্রিম কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেছে।