সব সংবাদ
খেলা

ঘানার ওঝার ভবিষ্যদ্বাণী: কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা

ঘানার ওঝা নানা কোয়াকু বনসাম আবারও ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি দাবি করেছেন, ৪ জুলাই মায়ামিতে অনুষ্ঠেয় রাউন্ড অব থার্টি টুর ম্যাচে কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা। এর আগে তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর অভিশাপ দিয়ে আলোচনায় এসেছিলেন।

বিশ্বকাপের আগে ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইনের ওপর 'অভিশাপ' দিয়ে সম্প্রতি ভাইরাল হন ঘানাইয়ান ওঝা নানা কোয়াকু বনসাম। সেই সময় তিনি বলেছিলেন, 'আমি কেইনের ওপর কাজ করছি। আমার দেশের বিরুদ্ধে তাকে আটকে রাখার জন্য যতটুকু দরকার, ততটুকুই করব। ঘানাকে জেতাতে আমি আমার কাজ করব।' সেই ম্যাচটি ০-০ গোলে ড্র হয়েছিল এবং চলতি বিশ্বকাপে কেইন শুধুমাত্র ওই একটি ম্যাচেই গোল করতে পারেননি। ম্যাচ শেষে তিনি দাবি করেন, 'আমিই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওঝা! এবার আমি হ্যারি কেইনকে মুক্ত করে দেব, যাতে সে পরের ম্যাচেই গোল করতে পারে।' পরের ম্যাচে পানামার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ ব্যবধানের জয়ে গোল পান কেইন। এবার নতুন ভবিষ্যদ্বাণী করে এই ওঝা বলেছেন, 'শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।' আর্জেন্টিনা–কেপ ভার্দে রাউন্ড অব থার্টি টুর ম্যাচ ৪ জুলাই, মায়ামিতে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা এখন পর্যন্ত সাতবার আফ্রিকার দলগুলোর মুখোমুখি হয়েছে। তবে নকআউট পর্বে আফ্রিকার কোনো দলের বিপক্ষে এটাই হবে তাদের প্রথম ম্যাচ। আগের সাত ম্যাচের ইতিহাস লাতিন আমেরিকার দলটির পক্ষে কথা বলছে — ছয়টিতেই জিতেছে আর্জেন্টিনা (পাঁচটি নাইজেরিয়ার বিপক্ষে এবং একটি আইভরিকোস্টের বিপক্ষে)। আফ্রিকার দলের কাছে তাদের একমাত্র হারটি এসেছিল ১৯৯০ বিশ্বকাপে, ক্যামেরুনের বিপক্ষে।