দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে
জাতীয় সংসদে জানানো হয়েছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই ঝুঁকি কমাতে কাজ চলছে।
মঙ্গলবার (৩০ জুন) জাতীর সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী সদস্য সেলিনা সুলতানা আর্সেনিক ঝুঁকি নিরসনে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান। জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ জরিপ প্রতিবেদন অনুযায়ী দেশের ১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৬ সালের মধ্যে প্রায় ১২ লাখ ১৫ হাজার ৯৪৮টি আর্সেনিকমুক্ত পানির উৎস স্থাপন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে গভীর নলকূপ, পাইপের মাধ্যমে পানি সরবরাহ, বৃষ্টির পানি সংরক্ষণ, পুকুর খনন ও সৌরচালিত স্যান্ড ফিল্টার। মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২৬ সালের মধ্যে আর্সেনিক ঝুঁকিতে থাকা মানুষের হার ৫-৬ শতাংশে নেমে আসবে।