আদালতে হাজত থেকে তোলার সময় পুলিশকে শাসালেন হাসানুল হক ইনু
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর এজলাসে তোলার সময় পুলিশ সদস্যকে শাসাতে দেখা গেছে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুর ১টা ৪২ মিনিটে হাজতখানা থেকে হাসানুল হক ইনুকে এজলাসে তোলা হয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যকে আঙুল উঁচিয়ে শাসাতে থাকেন ইনু। পুলিশ সদস্য তার হাত ধরতে গেলে ইনু উত্তেজিত হয়ে বলে ওঠেন, 'হাত ধরবেন না, ভদ্রতা শিখুন'। এদিন হাসিমুখেই কাঠগড়ায় উঠতে দেখা যায় তাকে।
এই মামলায় রায় ঘোষণা করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রায়ে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার একমাত্র আসামি ইনুর ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগে তাকে খালাস দেন আদালত।