কিশোরগঞ্জে ইউপি সদস্যের বাড়িতে সশস্ত্র হামলা; লুটে গেল ২ লাখ ৫৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের বাড়িতে সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা বাড়ি ভাঙচুর করে নগদ ২ লাখ ৫৫ হাজার টাকা ও প্রায় ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। পাশাপাশি প্রবাসীর বাড়িতেও হামলা চালিয়েছে। মোট ক্ষতি প্রায় ১২ লাখ টাকা।
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার পশ্চিম জাওয়ার নয়াপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. রিয়াদ মেম্বার গত ২৮ জুন রাতে তাড়াইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ওই রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে তার বসতবাড়িতে হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে পশ্চিম জাওয়ার গ্রামের মো. সাদেক মিয়া, মো. হামিদ মিয়া ও মো. রুক্তন মিয়ার নাম রয়েছে। এছাড়া আরও সাত থেকে আটজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ঘরের বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তারা পাশের বাড়িতে থাকা মালয়েশিয়া প্রবাসী সায়েমের বাড়িতেও হামলা চালায়। সায়েমের বাড়িতে থাকা একটি স্যুটকেসের ড্রয়ারের তালা ভেঙে নগদ ২ লাখ ৫৫ হাজার টাকা এবং প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সর্বমোট প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ইউপি সদস্য মো. রিয়াদ মেম্বার অভিযোগ করেন, ঘটনার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরবর্তীতে তিনি তাড়াইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।