সব সংবাদ
শিক্ষা

শিক্ষাখাতে ২৫% বাজেট বরাদ্দের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোট শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। নেতারা বলেছেন, ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী উন্নয়নশীল দেশে শিক্ষাখাতে কমপক্ষে ২৫ শতাংশ বাজেট বরাদ্দ করা উচিত।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বেলা সাড়ে ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের সহ-সভাপতি নাঈম উদ্দিন বলেন, সরকার বদলালেও শিক্ষাখাতে বরাদ্দ বাড়ে না। পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সমর চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সংখ্যালুঘু শিক্ষার্থীরা বৈষম্যের শিকার এবং সরকার শিক্ষার বদলে সামরিক খাতে বাজেট বাড়াচ্ছে।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী বলেন, জনগণ বাজেট নিয়ে মতামত দেওয়ার সুযোগ পায় না। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী বলেন, এশিয়ার অধিকাংশ দেশ বাংলাদেশের চেয়ে জিডিপির অনুপাতে বেশি বরাদ্দ দেয়। নগণ্য বরাদ্দের কারণে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং তলানিতে। তিনি আরও বলেন, লাইব্রেরিতে আধুনিক রেফারেন্স বই নেই, ল্যাবরেটরিতে প্রয়োজনীয় রাসায়নিক ও যন্ত্রপাতি নেই।

নেতারা আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে শিক্ষাখাতে ২৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করতে এবং মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের আহ্বান জানান।