বিশ্বকাপে কালো জাদু কাণ্ড: ঘানার তান্ত্রিকের অভিশাপে হ্যারি কেইনের গোলহীন ম্যাচ?
ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কওয়াকু বোনসাম ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর 'অভিশাপ' প্রয়োগের দাবি করেছেন। গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড গোলশূন্য ড্র করলেও পরে তিনি সেই প্রভাব সরিয়ে নেওয়ার ভিডিও প্রকাশ করেন।
বিশ্বকাপে এবারের আসরে এক অদ্ভুত ঘটনা সামনে এসেছে। ঘানার স্বঘোষিত তান্ত্রিক, জাদুকর ও ওঝা নানা কওয়াকু বোনসাম দাবি করেছেন, ইংল্যান্ড তারকা হ্যারি কেইনের গোল না করার পেছনে কাজ করেছে তারই প্রয়োগ করা 'আধ্যাত্মিক শক্তি'। গ্রুপ পর্বে ঘানা-ইংল্যান্ড ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। পুরো ম্যাচে ইংল্যান্ড আক্রমণে এগিয়ে থাকলেও জালের দেখা পায়নি। অধিনায়ক কেইন বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে ব্যর্থ হন। ম্যাচ শেষ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বোনসামের একটি ভিডিও। সেখানে তিনি দাবি করেন, ঘানার স্বার্থে কেইনের ওপর তিনি সাময়িক একটি 'অভিশাপ' প্রয়োগ করেছিলেন। পরে আরেকটি ভিডিওতে তিনি দাবি করেন, এখন তিনি সেই প্রভাব সরিয়ে নিচ্ছেন, যাতে পরবর্তী ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক আবার গোল করতে পারেন। নিজেকে তিনি 'বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি' বলেও দাবি করেন। এছাড়া নক আউট পর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় করবে কেপ ভার্দে বলেও ভবিষ্যদ্বাণী করেন তিনি। বোনসাম ১৯৭৩ সালের ২০ আগস্ট ঘানায় জন্ম নেওয়া। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছিলেন। সেবার তিনি দাবি করেছিলেন, পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর হাঁটুর চোটের পেছনে তার আধ্যাত্মিক শক্তির প্রভাব ছিল। ঘানার রাজধানী আক্রায় ৩টি আধ্যাত্মিক উপাসনালয় পরিচালনা করেন তিনি। ফুটবল বিশ্লেষকদের মতে, তারকাদের পারফরম্যান্সে কালো জাদুর প্রভাবের বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন ও নিছক কাকতালীয় ঘটনা। এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।