সব সংবাদ
আন্তর্জাতিক

স্পিকার হাফিজ উদ্দিন খামেনির শেষকৃত্যে তেহরানে যাচ্ছেন

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরান সরকারের আমন্ত্রণে তিনি ৪ জুলাই তেহরানে অনুষ্ঠিত শেষকৃত্যে যোগ দেবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত মার্চে নিহত হন ৮৬ বছর বয়সি আলি খামেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্যে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরান সরকারের আমন্ত্রণে তার তেহরান সফরের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের জনসংযোগ পরিচালক মো. মনির হোসেন। তিনি জানান, বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্পিকার যাবেন বলে সিদ্ধান্ত হয়েছে। এখন ভিসা গ্রহণ ও বিস্তারিত সফরসূচি ঠিক করা হবে। আলি খামেনির শেষকৃত্যের আয়োজন ৪ জুলাই তেহরানে শুরু হওয়ার কথা জানিয়েছে ইরান সরকার। তিনদিনের শেষকৃত্যের আয়োজন হবে তেহরানে এবং কওম নগরীতে, যা শুরু হবে ৭ জুলাই। রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে চিরনিদ্রায় শায়িত করা হবে। মার্চে এই শেষকৃত্যের আয়োজনের পরিকল্পনা করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলতে থাকায় তা স্থগিত করা হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শাসক গোষ্ঠীর পতন ঘটানোর ঘোষণা দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে বিমান হামলা শুরু করে। হামলার প্রথম দিনই নিজ বাসভবনে নিহত হন ৮৬ বছর বয়সি আলি খামেনি। ইরানি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ১৯৮৯ সালের শেষ দিক থেকে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করে আসছিলেন আলি খামেনি। ১৯৭৯ সালে ইরানি বিপ্লবে তিনি সামরিক ও আধা-সামরিক বাহিনীকে সংগঠিত করার পেছনে মুখ্য ভূমিকা পালন করেন। ১৯৮১ সাল থেকে দুই মেয়াদে ইরান প্রেসিডেন্টের দায়িত্ব পালনের পর সর্বোচ্চ নেতার দায়িত্ব আসেন তিনি। যুক্তরাষ্ট্রের হামলায় আলি খামেনির মৃত্যুর পর তার ছেলে মুজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নিয়েছে ইরান।

মূল প্রতিবেদন (Reference): খামেনির শেষকৃত্যে যাচ্ছেন স্পিকার — bdnews24