বাংলাদেশ ব্যাংকের নতুন মুদ্রানীতি: নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত
বাংলাদেশ ব্যাংক আগামী ছয় মাসের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে। নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানো এই মুদ্রানীতির প্রধান লক্ষ্য।
বাংলাদেশ ব্যাংক জুলাই-ডিসেম্বর সময়ের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্য সামনে রেখে নীতি সুদহার আগের মতই ১০ শতাংশ বহাল রাখা হয়েছে। গভর্নর মোস্তাকুর রহমান মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করেন। ডেপুটি গভর্নর হাবিবুর রহমান মুদ্রানীতির বিভিন্ন লক্ষ্যমাত্রা তুলে ধরেন। তিনি বলেন, আগামী মুদ্রানীতিতেও সংকোচনমূলক ধারা বজায় রাখা হবে। এসএলএফ রেট সাড়ে ১১ শতাংশ ও এসডিএফ রেট সাড়ে ৭ শতাংশ একই রাখা হয়েছে। সরকারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ ধরা হয়েছে। এই লক্ষ্য অর্জনে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনতে হবে বলে জানানো হয়েছে। এটি গভর্নর মোস্তাকুর রহমানের দায়িত্ব নেওয়ার পর ঘোষিত প্রথম মুদ্রানীতি। গত ফেব্রুয়ারিতে ঘোষিত সর্বশেষ মুদ্রানীতিও সংকোচনমূলক ছিল। ২০২৪ সালে মূল্যস্ফীতি রেকর্ড ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছায়। অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সংকোচনমূলক মুদ্রানীতি নেওয়ায় মূল্যস্ফীতি কমে আসতে শুরু করে, তবে এখনো তা ৯ শতাংশের উপরে রয়েছে।