ফেসবুকে জাইমা রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য: অভিযুক্ত গ্রেপ্তার
দাগনভূঞা থানা পুলিশ ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মোসলেহ উদ্দিন জনি (২৩) ফেনীর দাগনভূঞা এলাকার বাসিন্দা। পুলিশ ২৯ জুন অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ফেনীর দাগনভূঞা থানা এলাকায় ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মোসলেহ উদ্দিন জনি (২৩)। তিনি ২নং রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর মৌলভী বাড়ির মৃত মো. মোস্তফার ছেলে। অভিযোগ পাওয়ার পর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান-এর নেতৃত্বে পুলিশের একটি দল ২৯ জুন বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ওসি ফয়জুল আজিম নোমান সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে নিয়ে কুরুচিপূর্ণ, মানহানিকর বা আইনবিরোধী মন্তব্য করলে তা আইনের আওতায় আনা হবে। অভিযোগ পাওয়ার পরপরই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মে কোনো ব্যক্তির সম্মানহানি ঘটে-এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।