ফেনী চেম্বার নির্বাচনে বিজয়ী মাঈন উদ্দিন, আশাবাদী ব্যবসায়ী সমাজ
দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন জুনিয়র সহ-সভাপতি পদে ৩৩৩ ভোটে বিজয়ী হয়েছেন। এই বিজয়ে ফেনীর ব্যবসায়ীরা উন্নয়নের আশায় মনে করছেন।
গত শনিবার শহরের গ্র্যান্ড সুলতানা কনভেনশন হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুর আমিন খান ফলাফল ঘোষণা করেন। এতে সম্মিলিত ব্যবসায়ী উন্নয়ন পরিষদের হারুন-সাব্বির প্যানেল থেকে মাঈন উদ্দিন জুনিয়র সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৩৩৩ ভোট পেয়ে বিপুল ভোটে বিজয়ী হন। জানা যায়, দীর্ঘ ১৮ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ২৪টি পদে দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে হারুন-সাব্বির প্যানেলের ২২ জন প্রার্থী বিজয়ী হন। অপরদিকে গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদ থেকে সাধারণ ও সহযোগী ক্যাটাগরির পরিচালক পদে দুজন নির্বাচিত হন। এর আগে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নবনির্বাচিত জুনিয়র সহ-সভাপতি মাঈন উদ্দিন বাংলাদেশ এগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। ব্যবসায়িক নেতৃত্বের পাশাপাশি তিনি গণমাধ্যম ও সামাজিক কর্মকাণ্ডেও সুপরিচিত। বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় মাঈন উদ্দিন বলেন, এই বিজয় ফেনীর ব্যবসায়ী সমাজের আস্থা ও ভালোবাসার প্রতিফলন। চেম্বারের উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সকল ব্যবসায়ী, ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও সহযোগিতা কামনা করেন।