ঋণখেলাপির দায়ে চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। এখন পুনর্নির্বাচন হবে না প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হবে তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে জয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। ঋণখেলাপি হওয়ার কারণে তিনি আর সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না। এর আগে হাইকোর্ট আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছিলেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী সেই আদেশ চ্যালেঞ্জ করে আপিল করেন। তিনি অভিযোগ করেন, ঋণখেলাপি হওয়ায় আসলাম চৌধুরীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত ছিল না। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আসলাম চৌধুরী জয়ী হন। তবে আপিল বিভাগের আগের নির্দেশ অনুযায়ী তার নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আনোয়ার সিদ্দিকীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, এখন চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে না আনোয়ার সিদ্দিকীকে নির্বাচিত ঘোষণা করা হবে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।