সব সংবাদ
খেলা

জার্মানির বাতিল গোল নিয়ে বিতর্ক, ক্লপের তোপে আর্সেনাল

বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোয়ে যাওয়ার লড়াইয়ে জোনাথন টাহর গোল বাতিল করে ভিএআর। অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে গোলটি বাতিল হওয়ায় জার্মানি ১-১ গোলে সমতায় ফিরে যায়। পরে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। লিভারপুলের সাবেক কোচ ক্লপ এই সিদ্ধান্তের সমালোচনা করে আর্সেনালের গোলের সঙ্গে তুলনা করেন।

বোস্টনে প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোয়ে যাওয়ার লড়াইয়ে অতিরিক্ত সময়ের খেলা চলছিল। কর্নার থেকে হেডে বল জালে পাঠান জোনাথন টাহ। ২-১ গোলে এগিয়ে যাওয়ার আনন্দে মাতোয়ারা হয় জার্মান শিবির। কিন্তু ভিএআর বাধা দেয়। টাহর হেডের আগমুহূর্তে জার্মানির ডিফেন্ডার ভালডেমার আন্টন প্যারাগুয়ে গোলকিপারকে ফেলে দেওয়ায় ফাউলের দায়ে গোলটি বাতিল করে ভিএআর। অতিরিক্ত সময়ের ১২তম মিনিটে গোলটি বাতিল হওয়ায় ম্যাচে আবার ১-১ গোলের সমতায় ফিরতে বাধ্য হয় জার্মানি। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় রাউন্ড অব থার্টি টু থেকে। অন্যদিকে দারুণ জয়ে প্যারাগুয়ে উঠে শেষ ষোলোয়।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ার এই সিদ্ধান্তকে 'জঘন্য' বলে আখ্যায়িত করেন। তিনি বিবিসি ওয়ানকে বলেন, 'সামান্য ছোঁয়াতেই গোলরক্ষক মাটিতে পড়ে গেলেন, এটা খুবই সস্তা একটা সিদ্ধান্ত। রেফারি ও ভিএআরকে বোকা বানিয়েছেন গোলরক্ষক।'

ম্যাচ শেষে ক্ষোভ চেপে রাখতে পারেননি জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমান। তিনি বলেন, 'ওটা কোনো ফাউলই ছিল না। ওই গোলটা বাতিল করা আসলে রসিকতা ছাড়া আর কিছুই নয়।' ম্যাচ চলাকালে হলুদ কার্ড দেখতে হয় তাঁকে।

বিশ্বকাপে জার্মানির টেলিভিশনে বিশ্লেষক হিসেবে কাজ করছেন লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি এই গোল বাতিলের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন আর্সেনালের গোল করার কৌশলের মিল খুঁজে পেয়েছেন। ক্লপ বলেন, 'এই গোলটা যদি অবৈধ হয়, তবে আর্সেনালের তো ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হওয়াই কথা নয়! ওরা তো ওদের ৬০ শতাংশ গোলই এভাবে করেছে।'

প্রিমিয়ার লিগের সাবেক সহকারী রেফারি ড্যারেন ক্যান বলেন, 'খুবই ছোটখাটো ফাউলের কারণে এর আগেও আমরা দুই থেকে তিনটি গোল বাতিল হতে দেখেছি। গোলরক্ষককে সামান্য একটু ব্লক করা হয়েছিল ঠিকই, কিন্তু গোল বাতিলের জন্য তা যথেষ্ট ছিল না।'