আনচেলত্তির সাহসী সিদ্ধান্তে ব্রাজিল জয়ী, জাপানের ফাঁদ ভেঙে শেষ ষোলোয়
বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ব্রাজিল। প্রথমার্ধে জাপানের কম্প্যাক্ট রক্ষণ ও আক্রমণাত্মক প্রেসিংয়ে ব্রাজিল চাপে পড়ে যায়। কিন্তু বিরতিতে কার্লো আনচেলত্তি সাহসী কৌশলগত পরিবর্তন আনলে ম্যাচের চিত্র বদলে যায়।
হিউস্টনে অনুষ্ঠিত বিশ্বকাপ ২০২৬-এর শেষ বত্রিশের ম্যাচে জাপানের বিপক্ষে কঠিন লড়াইয়ে জয়ী হয়েছে ব্রাজিল। ২-১ গোলের এই জয়ের মাধ্যমে তারা শেষ ষোলোতে পৌঁছে গেছে। তবে ম্যাচটা সহজ ছিল না, বরং প্রথমার্ধে ব্রাজিলকে বেশ ভোগানো হাজিমে মরিয়াসুর জাপানি দল।
প্রথমার্ধে জাপান ৫-৪-১ ও ৫-৩-২ ফরমেশনের মিশ্রণে এমন কম্প্যাক্ট রক্ষণ সাজিয়েছিল যে ব্রাজিলের মাঝমাঠের পথ প্রায় বন্ধ হয়ে যায়। ফুলব্যাক দানিলো ও ডগলাস সান্তোসের ওপর উইং দিয়ে আক্রমণের চাপ পড়ে, কিন্তু তাদের শক্তিশালী পা-টা ছিল ভেতরের দিকে, তাই কার্যকর ক্রস তৈরি হচ্ছিল না। কুলিং ব্রেকের পর জাপান আরও আক্রমণাত্মক হয়ে ৩-৪-৩ ফরমেশনে প্রেসিং শুরু করে। এই চাপের ফলে দানিলোর ভুল পাস থেকে কাইশু সানো গোল করে জাপানকে এগিয়ে দেন।
বিরতিতে কোচ আনচেলত্তি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন। লুকাস পাকেতা চোটে মাঠ ছাড়লে তাকে বদলে এন্দ্রিককে প্রথাগত সেন্টার-ফরোয়ার্ড হিসেবে নামানো হয় এবং মাথেউস কুনিয়াকে মিডফিল্ডে পেছনে সরিয়ে দেওয়া হয়। এই কৌশলগত পরিবর্তনে ব্রাজিল দ্বিতীয়ার্ধে বেশি স্পেস তৈরি করতে সক্ষম হয়। ওয়াইড এরিয়া ব্যবহার করে ভালো ক্রস দিতে শুরু করে এবং দুটি গোল করে ম্যাচ জয় করে।