ইরানের বৈঠক অস্বীকার, কাতারে যাচ্ছেন মার্কিন দূত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের রাজধানী দোহায় যাচ্ছেন। ইরান অবশ্য সোমবার জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনার বৈঠক নির্ধারিত নেই।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে কাতারের উদ্দেশে পথে রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে। সিএনএনের খবরে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একই বিমানে যাচ্ছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সোমবার ট্রাম্প বলেছিলেন, মঙ্গলবার (৩০ জুন) দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে ইরান সেই দাবি প্রত্যাখ্যান করেছে। তেহরান সোমবার জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়েই আলোচনার বৈঠক নির্ধারিত নেই।
এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, সাম্প্রতিক পালটাপালটি হামলার পরও সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। অন্যদিকে ইরানের অবস্থান, এখন তাদের প্রধান লক্ষ্য সমঝোতা স্মারকের বাস্তবায়ন; চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনায় যাওয়া নয়।