জুলাই থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিত হবে, দুই মাসের বকেয়াও পরিশোধ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিতভাবে দেওয়া হবে। একই সঙ্গে গত দুই মাসের বকেয়া বেতনও জুলাই মাসেই পরিশোধ করা হবে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, গত সেপ্টেম্বর থেকে এনটিআরসির মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার বাজেটে এই খাতে টাকা না রাখায় মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি। সরকারের কাছে ৫০১ কোটি টাকা প্রয়োজন ছিল কিন্তু সেই অর্থ বরাদ্দ ছিল না। তবে জুলাই মাস থেকে বকেয়াসহ সকল শিক্ষকের বেতন নিয়মিতভাবে পরিশোধ করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।