জবি মন্দিরের সহকারী পুরোহিতকে রাতভর নির্যাতন! উলঙ্গ ভিডিও ধরে টাকা দাবি
ঢাকা সেন্ট্রাল ল কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের সহকারী পুরোহিত সুভাষ দেউরী (২৫) কে সোমবার রাতভর আটকে নির্যাতন চালিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। নির্যাতনকারীরা তাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ল কলেজের ছাত্র ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের সহকারী পুরোহিত সুভাষ দেউরী (২৫) কে সোমবার রাতভর আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে টাকা দাবি করার অভিযোগ উঠেছে। সুভাষের বোন জয়া দেউরী জানান, তার ভাই মাস কয়েক ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরে সহকারী পুরোহিতের কাজ করছিলেন। সোমবার রাতে কয়েকজন তাকে আটকে রেখে নির্যাতন চালায় এবং সব টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এরপর তার বন্ধু ও স্বজনদের কাছে ফোন করে টাকা পাঠাতে বাধ্য করা হয়। সুভাষের রুমমেট দুর্জয় সাহা জানান, রাত সাড়ে ৯টায় বাসায় ফেরার পর সুভাষকে দেখেননি। পরে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সুভাষের নম্বর থেকে কল করে টাকা দিতে বলা হয়। ভোর সাড়ে ৫টার দিকে নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে সুভাষকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম ছিল এবং মোবাইল ও মানিব্যাগ পাওয়া যায়নি। সুভাষ জানিয়েছেন, রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করা হয়েছে এবং পরিবারের সবার কাছ থেকে টাকা চাওয়া হয়েছে। না দিলে ওই নগ্ন ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। রাত ১টার দিকে জয়াকে কল করে ৩০ হাজার টাকা দিতে বলা হয়। পরে আরও কলে টাকা না দিলে সুভাষকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত পরিবার ২৬ হাজার টাকা পাঠায়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সুভাষকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তার চিকিৎসা চলছে। ওয়ারী থানায় এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে।