সরকার নিয়োগ দেবে ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী
স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী তিন থেকে চার বছরে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। একই সময়ে ধাত্রীবিদ্যায় দক্ষ ২৫ হাজার মিডওয়াইফও নিয়োগ করা হবে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার রোববার পর্তুগালের লিসবন সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ আগামী তিন থেকে চার বছরের মধ্যে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। যাতে করে স্বাস্থ্যসেবাকে প্রত্যেকটা মানুষের, বিশেষ করে প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।
এছাড়াও আগামী তিন থেকে চার বছরে পর্যায়ক্রমে ২৫ হাজার মিডওয়াইফ (ধাত্রী) নিয়োগ দেওয়া হবে। মিডওয়াইফ নিয়োগের আগে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান জিয়াউদ্দিন হায়দার। প্রশিক্ষণের মানোন্নয়নে সরকার এরইমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, আমাদের উদ্দেশ্য হলো কোনো মা যেন তার স্বাভাবিক ডেলিভারির সময় একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া যায়। প্রত্যেকটা ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট হবে। শহরের প্রত্যেকটা ওয়ার্ডেও একটি করে প্রাইমারি হেলথকেয়ার ইউনিট হবে। এই প্রাইমারি হেলথকেয়ার ইউনিটে স্বাভাবিক ডেলিভারিগুলো হবে। প্রতিটি প্রাইমারি হেলথকেয়ার ইউনিটে অন্তত দুজন করে মিডওয়াইফ কর্তব্যরত থাকবেন।