ঘরে বসে সহজেই স্বর্ণালঙ্কার চকচকে করুন
বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তে থাকায় অনেকেই নতুন গয়না কিনতে পারছেন না। তবে পুরোনো স্বর্ণালঙ্কার সঠিকভাবে পরিষ্কার করলে নতুনের মতো ঝকঝকে করা সম্ভব। ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণ দিয়েই এই কাজ সহজে করা যায়।
সম্প্রতি বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন স্বর্ণালঙ্কার কেনা অনেকের জন্যই কঠিন হয়ে পড়েছে। তাই বিশেষজ্ঞরা বলছেন, পুরোনো গয়নার দিকে যত্ন নিলে নতুনের মতো উজ্জ্বল রাখা সবচেয়ে কার্যকর সমাধান হতে পারে।
দীর্ঘদিন ব্যবহারের ফলে গয়নার ওপর ধুলো, ঘাম, তেল, প্রসাধনী ও পারফিউমের আস্তরণ জমে স্বাভাবিক জেল্লা কমে যায়। তবে এতে সোনা নষ্ট হয় না। সঠিকভাবে পরিষ্কার করলেই আগের মতো উজ্জ্বল করা যায়।
সবচেয়ে সহজ উপায় হলো সাধারণ সাদা টুথপেস্ট ব্যবহার করা। নরম কাপড়ে অল্প টুথপেস্ট নিয়ে আলতোভাবে গয়নার ওপর ঘষে কুসুম গরম পানিতে ধুয়ে শুকিয়ে নিলেই ভালো ফল পাওয়া যায়। তবে অতিরিক্ত চাপ দিয়ে ঘষা থেকে বিরত থাকতে হবে।
ময়লা বেশি জমে থাকলে বেকিং সোডার পেস্টও ব্যবহার করা যেতে পারে। সামান্য কুসুম গরম পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করে নরম ব্রাশ দিয়ে লাগিয়ে কয়েক মিনিট রেখে ধুয়ে ফেললে জমে থাকা ময়লা দূর হয়।
এ ছাড়া কুসুম গরম পানির সঙ্গে অল্প পরিমাণ লিকুইড ডিশ সোপ মিশিয়ে গয়না কয়েক মিনিট ভিজিয়ে রেখে নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করলেও ভালো ফল মেলে। কর্নফ্লাওয়ার ও ভিনেগারের পেস্টও কিছু ক্ষেত্রে কার্যকর হতে পারে।
তবে আংটি বা কানের দুলে মূল্যবান পাথর বসানো থাকলে পরিষ্কারের সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। পাথরের ওপর সরাসরি ব্রাশ ব্যবহার না করাই ভালো। একই সঙ্গে শক্তিশালী রাসায়নিক বা কড়া ক্লিনার ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। দীর্ঘদিনের জমে থাকা ময়লা বা মূল্যবান রত্নখচিত গয়না পরিষ্কারের ক্ষেত্রে অভিজ্ঞ জুয়েলার্সের সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ।