সব সংবাদ
জাতীয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, যাত্রীদের নিরাপদে সরানো সম্ভব হয়েছে

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে কুচিয়ামোড়া সেতুর ওপর চলন্ত একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

গতকাল সোমবার রাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ১১টার পর সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে যে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর মাওয়াগামী এভারগ্রিন পরিবহনের একটি বাসে আগুন লেগেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিরাজদিখান ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্বল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের ভেতরে থাকা সব যাত্রী দ্রুত ও নিরাপদে নেমে যেতে সক্ষম হন। ফলে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক বা বৈদ্যুতিক গোলযোগের কারণে বাসে আগুনের সূত্রপাত হয়েছে। জানা গেছে, বাসটি ঢাকার গুলিস্তান থেকে যাত্রী নিয়ে মাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ওপর পৌঁছালে আচমকা এটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ পদক্ষেপের ফলে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।