জার্মানির বিদায়ে স্বস্তির হাসি ব্রাজিলের, একক শীর্ষে পাঁচবারের চ্যাম্পিয়ন
প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। এই বিদায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে ব্রাজিল, কারণ অন্তত আগামী বিশ্বকাপ পর্যন্ত তারা একমাত্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে অবস্থান বজায় রাখবে।
প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে পরাজিত হয়ে বিশ্বকাপের নকআউট পর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি। এই পরাজয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া বয়ে গেছে, কারণ এই আসরে তাদের রেকর্ডে ভাগ বসানোর একমাত্র সম্ভাবনা ছিল জার্মানির। ২০০২ সালে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জয়ের পর থেকে ইতিহাসের সবচেয়ে সফল দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ব্রাজিল। জার্মানি ১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে চারটি বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছিল। তারা এবার শিরোপা জিতলে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ জয়ের কীর্তিতে সমতা আনতে পারত। কিন্তু প্যারাগুয়ের কাছে হেরে যাওয়ায় সেই সম্ভাবনারই ইতি ঘটেছে। ফলে অন্তত আরো একটি বিশ্বকাপ চক্র পর্যন্ত বিশ্বের একমাত্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে থাকছে ব্রাজিল। দুই দশকেরও বেশি সময় ধরে ধরে রাখা এই অনন্য রেকর্ডে আপাতত আর কোনো দল ভাগ বসাতে পারছে না। অন্যদিকে, জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির শিষ্যরা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলছে। বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক শিরোপাজয়ী দলের তালিকায় ব্রাজিলের পরেই রয়েছে জার্মানি ও ইতালি — দুই দলের সংগ্রহে চারটি করে বিশ্বকাপ। আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ে জিতেছে তিনটি করে শিরোপা। ইতালি এবারের বিশ্বকাপে জায়গা না পাওয়ায় এবং জার্মানি নকআউট পর্ব থেকেই বিদায় নেওয়ায় বিশ্বকাপের সবচেয়ে সফল দল হিসেবে একক শ্রেষ্ঠত্ব এখনও ধরে রেখেছে ব্রাজিল।