গোবিন্দগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, এলাকাবাসীর ধাওয়ায় আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পারিবারিক বিবাদের জেরে স্বামী বিরাজ আলী (৫৫) তার স্ত্রী দুলালি বেগমকে (৪৫) ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। পালানোর সময় এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের গোসাইপুর গ্রামে সোমবার সন্ধ্যায় এই নৃশংস ঘটনা ঘটে। নিহত দুলালি বেগম (৪৫) একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চক সিংহডাঙ্গা গ্রামের দুলু মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী বিরাজ আলী (৫৫) গোসাইপুর গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে পারিবারিক বিষয় নিয়ে দুলালি বেগমের সঙ্গে বিরাজ আলীর কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ বিরাজ আলী ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীর বুকে একাধিক আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বিরাজ আলী পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন টের পেয়ে ধাওয়া দিয়ে তাকে আটক করে এবং পুলিশে সোপর্দ করে। পুলিশ খবর পেয়ে রাতেই তাকে গ্রেপ্তার করে থানায় আনে এবং একটি হত্যা মামলা দায়ের করে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।