সব সংবাদ
রাজনীতি

ঋণখেলাপি আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না: আপিল বিভাগের রায়

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতলেও ঋণখেলাপি হওয়ায় শপথ নিতে পারছেন না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার প্রার্থিতা বাতিল করায় ওই আসনের নির্বাচনের ফলাফল প্রকাশ করা যাবে না।

চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে জিতলেও শপথ নিতে পারছেন না। তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ থাকায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাঁর প্রার্থিতা বাতিল করে রায় দিয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ মঙ্গলবার এই রায় ঘোষণা করে। এই রায়ের ফলে ওই আসনের নির্বাচনের ফলাফল আর প্রকাশ করা যাবে না।

আসলাম চৌধুরীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন। জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকীর পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।

এ বছরের ৩ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। কিন্তু তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং যমুনা ব্যাংক। গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন ওই আপিল খারিজ করে দিলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে।

এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করে অভিযোগকারী দুই পক্ষ। গত ২৭ জানুয়ারি হাই কোর্ট রিট আবেদন দুটিও খারিজ করে দেয়। হাই কোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন জামায়াতের প্রার্থী আনোয়ার। গত ৩ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ আপিলের আবেদন মঞ্জুর করে। আদেশে বলা হয়, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী অংশ নিতে পারবেন, তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই আসনের ফলাফল প্রকাশ করা যাবে না।