সব সংবাদ
আন্তর্জাতিক

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারে বৈঠকের খবর অস্বীকার করেছে

ইরান জানিয়েছে, কাতারের দোহায় এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠক হয়নি। তবে কাতারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে মতভেজ রয়েছে।

তেহরান, ৩০ জুন ২০২৬ — ইরান সরকার এই সপ্তাহে কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়ার খবর নাকচ করেছে। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি স্পষ্ট করে বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো কারিগরি বৈঠকের সূচি নির্ধারণ করা হয়নি। তবে তিনি জানিয়েছেন, কাতারের সঙ্গে আলোচনা এখনও চলছে।

প্রাথমিকভাবে এই আলোচনার মূল বিষয় ছিল ইরানের পরমাণু কর্মসূচি। কিন্তু হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকায় এখন সেই উত্তেজনা কমানোই আলোচনার প্রধান অগ্রাধিকার হয়ে উঠেছে।

এই বিষয়ে দুই দেশের অবস্থানে বড় পার্থক্য দেখা যাচ্ছে। ইরানের দাবি, যে কোনো পরিস্থিতিতেই তারা হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং সমঝোতা স্মারকের মাধ্যমে এই অধিকার তাদের দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকা উচিত নয় এবং এই পথ দিয়ে জাহাজ চলাচল সম্পূর্ণ অবাধ থাকতে হবে।

ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে এবং ইসরাইল দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তেহরান চায়, নতুন আলোচনা শুরুর আগে সমঝোতা স্মারকের সব শর্ত পুরোপুরি মেনে চলা হোক। এই সমঝোতার পঞ্চম ধারায় হরমুজ প্রণালি দিয়ে জ্বালানিবাহী জাহাজ চলাচলের দায়িত্ব ইরানকে দেওয়ার কথা উল্লেখ রয়েছে।

এছাড়াও ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র এবং কয়েকটি দেশ ওমান উপকূলের কাছে একটি নতুন নৌপথ তৈরির চেষ্টা করছে, যা সমঝোতা স্মারকের পঞ্চম ধারার লঙ্ঘন বলে তারা মনে করে।