সব সংবাদ
অর্থনীতি

ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে ঝুঁকছে সরকার

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সরকার স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বাজারভিত্তিক ও বিকল্প অর্থায়নের দিকে যাচ্ছে। উচ্চ সুদে ব্যাংক ঋণ নেওয়ার কারণে বেসরকারি খাতের বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার দেশের জনঅর্থায়ন কাঠামো সংস্কারের মাধ্যমে স্থানীয় ব্যাংকগুলোর ওপর নির্ভরতা কমিয়ে বিকল্গ অর্থায়নের পথে এগিয়ে যাচ্ছে। তিনি রোববার (২১ জুন) গুলশানের লেকশোর হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, স্থানীয় ব্যাংক থেকে ১০ থেকে ১৩ শতাংশ সুদে ঋণ নেওয়ার ফলে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের জন্যও সমস্যা সৃষ্টি হচ্ছে। সরকার ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে। তিনি আরও জানান, বর্তমান বাজেটে প্রায় ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে হচ্ছে, যা সরকারের খরচের স্থান সংকুচিত করছে। শিক্ষা খাতে জিডিপি অনুপাতে ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।