সব সংবাদ
খেলা

শহীদ বরকত স্টেডিয়ামে জমে উঠেছে ফুটবলের আসর

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চলছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ১৬টি জেলার দল অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টে। সেমিফাইনালে উঠেছে জামালপুরের থ্রি ব্রাদার্স এক্সএল।

গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে বেশ জমে উঠেছে ফুটবলের আসর। গত ২০ জুন থেকে শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সারা দেশ থেকে মোট ১৬টি জেলা দল অংশগ্রহণ করছে। নকআউট পর্বের দ্বিতীয় রাউন্ডে সোমবার মুখোমুখি হয় স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি, নরসিংদী বনাম থ্রি ব্রাদার্স এক্সএল, জামালপুর। এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা গাজীপুরের মীর হালিমুজ্জামান ননী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন সবুজ। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু। এ সময় দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন এ টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান লাভলু, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান প্রমুখ। এছাড়াও এই খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে স্টেডিয়ামে হাজার হাজার দর্শক সমাবেত হয়। এ সময় বৃষ্টিভেজা মাঠে ওই শক্তিশালী দুই দলের খেলোয়াড়দের তুমুল লড়াই দর্শকদের মাতিয়ে তুলে। খেলায় স্কুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি, নরসিংদীকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে উঠে আসে থ্রি ব্রাদার্স এক্সএল, জামালপুর জেলা দল। মঙ্গলবার মাঠে নামবে দুই শক্তিশালী ফুটবল টিম মানিকগঞ্জ জেলা বনাম বগুড়া জেলা টিম। প্রতিদিন বিএনপির কেন্দ্রীয় ও জেলা ও মহানগর বিএনপির নেতারা ছাড়াও হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।