সিলেটে আনসার সেজে ডাকাতির প্রস্তুতি, পুলিশের জালে আটক দুই যুবক
সিলেটে আনসার ও ভিডিপির পরিচয় দিয়ে সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে জানা যায়, তারা বাহিনীর কোনো সদস্য নয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
সিলেটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) পরিচয় ব্যবহার করে সড়কে ডাকাতির চেষ্টার সময় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল এলাকায় আনসার পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে এই দুই যুবককে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সাইফ আহমদ রাজ (২০) ও আকসান হাবিব (২২)। সাইফ সিলেট নগরীর বাগবাড়ি এলাকার এবং আকসান জালালাবাদ থানার পীরপুর এলাকার বাসিন্দা। পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি, আনসার-ভিডিপি লেখা জলপাই রঙের বুলেটপ্রুফ ভেস্ট, হ্যান্ডকাফ, ভুয়া পরিচয়পত্র ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দুই যুবক তাদের কোনো প্রশিক্ষণপ্রাপ্ত বা তালিকাভুক্ত সদস্য নয়। অনুসন্ধানে জানা গেছে, সাইফ নিজ উদ্যোগে ভুয়া বুলেটপ্রুফ ভেস্ট তৈরি করে তাতে ‘আনসার-ভিডিপি’ লিখে ব্যবহার করতেন এবং তার পরিচয়পত্রটি সম্পূর্ণ ভুয়া। বাহিনীটি সতর্ক করে বলেছে, কিছু অসাধু ব্যক্তি অননুমোদিতভাবে তাদের ইউনিফর্ম ও সরঞ্জাম ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। জনসাধারণের প্রতি আহ্বান, কারো কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে।