সব সংবাদ
জাতীয়

৩ লাখ টাকায় ভুয়া পরিচয়! ভোটার হতে এসে ধরা রোহিঙ্গা যুবক

ময়মনসিংহের গৌরীপুরে ভোটার তালিকায় নাম লেখাতে গিয়ে ধরা পড়েছে এক রোহিঙ্গা যুবক। ৩ লাখ টাকায় দালালের মাধ্যমে ভুয়া বাবা-মায়ের পরিচয়, শিক্ষাসনদসহ নানা কাগজপত্র তৈরি করলেও শিক্ষার ঘরে বার্মা ভাষায় লেখায় ধরা পড়ে যায় সে।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ভোটার আইডি কার্ড পেতে ভুয়া পরিচয় দিয়ে আবেদন করতে গিয়ে ধরা পড়েছে এক রোহিঙ্গা যুবক। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসে সোমবার (২৯ জুন) আটক করা হয়েছে মোহাম্মদ মাসুদ (১৯) নামে এই যুবককে। সে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান জানান, মাসুদ গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের দৌলতাবাদ এলাকার পরিচয়ে ভোটার হওয়ার আবেদন জমা দেয়। তার আবেদনের সঙ্গে ভুয়া বাবা-মায়ের পরিচয়পত্র, মাদ্রাসার শিক্ষাগত সনদ, বাড়ির হোল্ডিং নম্বর, বিদ্যুৎ বিলের কাগজ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র জমা দেয়।

তবে শিক্ষাগত যোগ্যতার ঘরটি পূরণ করতে গিয়ে সে বার্মা ভাষায় লেখায় কর্মীদের সন্ধেহ হয়। পরীক্ষা করে দেখা যায় তার সব কাগজপত্রই ভুয়া। এরপর তাকে আটক করা হয়।

আটক মাসুদের বড়ভাই জানান, ভোটার আইডি ও জন্মনিবন্ধন করার জন্য ৩ লাখ টাকার চুক্তি হয়েছিল দুই দালালের সঙ্গে। এর মধ্যে ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। দালালরা সহনাটী ইউনিয়নের হুমায়ুন কবীর ও সাগর।

ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা ও গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান যান। তারা জানান, আটককৃত যুবককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।