সব সংবাদ
অর্থনীতি

বাংলাদেশে ১০০ কোটি ডলার বিনিয়োগ করতে চায় ভিওন গ্রুপ

বাংলালিংকের মালিক ভিওন গ্রুপ বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রস্তাব উপস্থাপন করা হয়।

বাংলালিংকের স্বত্বাধিকারী ভিওন গ্রুপ বাংলাদেশের টেলিকম ও ডিজিটাল খাতে ১০০ কোটি ডলার বা প্রায় ১২ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিওন গ্রুপের চেয়ারম্যান অগি কে ফাবিলার নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে এই বিনিয়োগ প্রস্তাব দেন। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে টেলিকম, ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা যেতে পারে, যা বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত করতে সহায়ক হবে। বৈঠকে ভিওন বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ চিত্র তুলে ধরে বলা হয়, আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় ব্যাংকিং খাতে ডিজিটাল সেবা ও ক্ষুদ্র ঋণ বাড়ানোর সুযোগ আছে। এই উদ্যোগে ভিওন নিজে ২৫ কোটি ডলার বিনিয়োগ করবে। ডিজিটাল অবকাঠামো, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল ব্যাংকিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এই অর্থ বিনিয়োগ করা যেতে পারে। এ সময় টেলিযোগাযোগমন্ত্রী মাহবুব আনাম ফকির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভিওন পরিচালক মাইকেল সুটিং, বাংলালিংকের প্রধান নির্বাহী জন বুশ ও কপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান তাইমুর রহমান উপস্থিত ছিলেন। এর আগে ভিওন সরকারি মোবাইল অপারেটর টেলিটক কেনার প্রস্তাব দিয়েছিল এবং মোবাইল ফিন্যান্সিং সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ কেনার বিষয়েও আলোচনা করেছিল। বাংলালিংকে এ পর্যন্ত ২৫০ কোটি ডলার বিনিয়োগ করা হয়েছে।