সব সংবাদ
জাতীয়

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক দুর্ঘটনা: চালক ও সহকারীর মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়া বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়লে চালক আনিচুর রহমান আনিস ও তার সহকারী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী ও বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলি জানান, সোনা মসজিদ এলাকা থেকে পাথর বোঝাই করে ট্রাকটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। ২১ জুন রোববার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়ক এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টের রেলিং ভেঙে খাদের মধ্যে উল্টে পড়ে। এসময় ট্রাকটিতে আগুন ধরে যায়।

ট্রাক চালকের নাম আনিচুর রহমান আনিস। তার বাড়ি ফরিদপুর জেলায়। চালকের সহকারীর নাম এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে, ফায়ার সার্ভিসের একটি দল এসে ট্রাকটির আগুন নেভায় এবং চালক আনিসের মরদেহ উদ্ধার করে। তবে চালকের সহকারী পাথরের নিচে চাপা পড়া অবস্থায় থাকায় তার মরদেহ উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।