হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি - আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার ইচ্ছা আসলে রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, যদি তার সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাকাণ্ডের বিচার মোকাবিলা করুক।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম গতকাল সোমবার নিজ কার্যালয়ে দেওয়া ব্রিফিংয়ে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের নয়াদিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছুই নয়। তার যদি সত্যিই সাহস থাকে, তাহলে দেশে এসে জুলাই হত্যাকাণ্ডের বিচার মোকাবিলা করুক।
ট্রাইব্যুনালে চলমান বিচার সম্পর্কে চিফ প্রসিকিউটর আরও বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণহত্যার ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। বর্তমানে এসব যাচাই-বাছাই করা হচ্ছে। এরপরই ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এসব মামলার আসামির তালিকায় সাবেক মন্ত্রী শাজাহান খান, আমির হোসেন আমু, এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, কামাল আহমেদ মজুমদারসহ অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নাম রয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ বছরই দেশে ফেরার কথা বলেছেন ভারতে পলাতক শেখ হাসিনা। জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে তিনি এখন পলাতক।