কোটালীপাড়া মডেল মসজিদে উদ্বোধনের আগেই ফাটল, সাত বছরেও শেষ হয়নি নির্মাণকাজ
১২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন কোটালীপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। প্রায় সাত বছর আগে কাজ শুরু হলেও দুই দফা ঠিকাদার বদলের পরও নির্মাণ শেষ হয়নি।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নির্মাণাধীন কোটালীপাড়া মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। ১২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই প্রকল্পটি ২০১৯ সালে শুরু হয়েছিল। চুক্তি অনুযায়ী ১৮ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় সাত বছর পার হলেও এখনও কাজ শেষ হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভবনের দেয়াল ও প্লাস্টারের বিভিন্ন স্থানে ছোট-বড় ফাটলের চিহ্ন স্পষ্ট। কোথাও পুরোনো প্লাস্টার কেটে নতুন করে সিমেন্ট লাগানো হচ্ছে। মসজিদ প্রাঙ্গণে সরকারি প্রকল্পে বাধ্যতামূলক তথ্যসম্বলিত সাইনবোর্ডও দেখা যায়নি। গণপূর্ত অধিদপ্তর জানায়, প্রথম ঠিকাদারি প্রতিষ্ঠান পুরোনো ভূমি অফিস অপসারণে বিলম্ব এবং নির্মাণসামগ্রীর মূল্য বৃদ্ধির কারণ দেখিয়ে কাজ ছেড়ে দেয়। পরে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে এমডি বদরুল ইকবাল লিমিটেডকে নতুন কার্যাদেশ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুম বিল্লাহ বলেন, কলাম বা বিমে কোনো কাঠামোগত সমস্যা নেই। প্লাস্টারে ফাটল দেখা দিয়েছে, যা রিপেয়ার করা সম্ভব। বর্তমানে প্রায় তিন কোটি টাকার বিল বকেয়া রয়েছে। শ্রমিকদের নিয়মিত বিল পরিশোধ করতে না পারায় কাজ ধীরগতিতে চলছে। স্থানীয় মুসল্লিদের অভিযোগ, শুরু থেকেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবে প্রকল্পটি বারবার পিছিয়েছে। কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক বলেন, ফাটলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। গোপালগঞ্জ গণপূর্ত বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম খান বলেন, ঠিকাদারের প্রকৌশলীকে ফাটলগুলো রিপেয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে।