জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে 'ব্রেকিং ব্র্যান্ড ২০২৬' জাতীয় মার্কেটিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ আয়োজিত 'ব্রেকিং ব্র্যান্ড ২০২৬' জাতীয় মার্কেটিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। ৪১৫টি দলের মধ্যে থেকে ৬টি দল ফাইনালে পৌঁছায়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) আয়োজিত জাতীয় হোলিস্টিক মার্কেটিং প্রতিযোগিতা 'এসকিউ গ্রুপ প্রেজেন্টস ব্রেকিং ব্র্যান্ড ২০২৬'-এর গ্র্যান্ড ফিনালে গত ২৬ জুন সন্ধ্যায় রাজধানীর হোটেল লে মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হয়। ওয়ালটন অ্যান্ড পূবালী ব্যাংক পিএলসি এই প্রতিযোগিতার পাওয়ার্ড বাই স্পন্সর ছিল।
২ লাখ ৫০ হাজার টাকার আকর্ষণীয় প্রাইজ পুলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫০০-এরও বেশি শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। মোট ৪১৫টি দল নিবন্ধন করে, যার মধ্যে প্রথম রাউন্ড থেকে ৩১টি দল দ্বিতীয় রাউন্ডের জন্য মনোনীত হয়। প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করে ৬টি দল গ্র্যান্ড ফিনালেতে তাদের উদ্ভাবনী মার্কেটিং কৌশল, সৃজনশীল চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা প্রদর্শন করে।
ফাইনাল রাউন্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন পরিচালক ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, বাংলাদেশ ব্রান্ড ফোরামের চিফ এক্সিকিউটিভ অফিসার সাজিদ মাহবুব, বার্জার পেইন্টস বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ তারেক, কোকা-কোলা সিসিআই বাংলাদেশের এইচআর লিড ইয়াসিন সাহাগ এবং গ্রামীনফোনের ডেপুটি ডিরেক্টর মো: ইফতেখার আলম।
অনুষ্ঠানে জাবির প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মো: শামসুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। এছাড়াও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডিবিএইচ ফাইন্যান্স কর্পোরেশন, কোলগেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানের এমডি ও সিইওরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বাস্তবধর্মী মার্কেটিং দক্ষতা বিকাশ এবং করপোরেট জগতের সঙ্গে সংযোগ তৈরির লক্ষ্যেই টানা তিন বছর ধরে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে আইবিএ-জেইউ বিজনেস ক্লাব।