সংসদে পাস: করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব
জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর সংশোধনী প্রস্তাবে করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা বাড়িয়ে ৪ লাখ টাকা করার প্রস্তাব পাস হয়েছে। এর ফলে আগামী ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে ৪ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না।
সোমবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় প্রধানমন্ত্রী তার সংশোধনী প্রস্তাব উপস্থাপন করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান প্রথমে বাজেট আলোচনায় অংশ নেন। এরপর সংসদ নেতা তারেক রহমান বক্তব্য দেন। প্রধানমন্ত্রী এদিন করদাতাদের স্বস্তি দিতে ব্যক্তিগত আয়কর অব্যাহতির সীমা বাড়ানোর প্রস্তাব দেন। তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ২০২৬-২৭ ও ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়ের সীমা ৩ লাখ ৭৫ হাজার, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ করবর্ষে ৪ লাখ এবং ২০৩০-৩১ করবর্ষে সাড়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে সংসদ নেতা এই সীমা যথাক্রমে ৪ লাখ, সাড়ে ৪ লাখ এবং ৫ লাখ টাকা করার প্রস্তাব রাখেন। পরে অর্থবিলের সংশোধনীতে সরকারি দলের সদস্য হুম্মাম কাদের চৌধুরী এ প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর ফলে ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষে করমুক্ত আয়সীমা হবে ৪ লাখ টাকা পর্যন্ত। পরবর্তী ৩ লাখ টাকার জন্য ১০ শতাংশ, এরপরের ৪ লাখ টাকার জন্য ১৫ শতাংশ, এরপরের ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ, পরের ২০ লাখ টাকার জন্য ২৫ শতাংশ এবং পরবর্তী যেকোনো আয়ের ওপর ৩৫ শতাংশ আয়কর বসানো হয়েছে। এরপরের দুই করবর্ষের জন্য ৫০ হাজার টাকা বাড়িয়ে করমুক্ত সীমা সাড়ে চার লাখ এবং ২০৩০-৩১ করবর্ষের জন্য করমুক্ত আয়সীমা পাঁচ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।