কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, বন্ধুসহ আটক-২
কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় প্রেমিকার ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ প্রেমিকা নাইমা জাহান ও তার বন্ধু আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মরহুম জলিল মৃদার মেয়ে নাইমা জাহানের সাথে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষীপুর গ্রামের হাজী এনামুল হকের ছেলে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এরই মধ্যে দুইজনে ঢাকায় আবাসিক হোটেলে একাধিকবার রাত্রীযাপন করেছিল। সম্প্রতি নাইমা জাহানের তিন মাসের গর্ভ নষ্ট করে সিয়াম। এরপর বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকে। একপর্যায়ে সিয়াম নাইমাকে বিশ হাজার টাকা নিয়ে লক্ষীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেয়। টাকা জোগাড় করতে না পেরে নাইমা রোববার রাতে সিয়ামের পুরাতন বাড়িতে আসে। সেখানে সিয়াম, নাইমা ও সিয়ামের বন্ধু আরিয়ান রাত্রীযাপন করে। ভোরে সিয়াম নাইমাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলে, যাতে আশপাশের কেউ না দেখে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নাইমা ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করে। এ সময় বন্ধু আরিয়ান সেখানে উপস্থিত ছিল। সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক রাখা হয়েছে।