লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সাংসদ ও জাসদ নেতা মোশাররফ হোসেন আর নেই
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সহসভাপতি মোশাররফ হোসেন (৭৮) শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ৬০ এর দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা।
লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মারা গেছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সহসভাপতি এই নেতার বয়স হয়েছিল ৭৮ বছর। শনিবার রাত দেড়টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ভাতিজির স্বামী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যাপক মাহবুবে এলাহি সানি।
৬০ এর দশকে মোশাররফ হোসেন অবিভক্ত ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) নোয়াখালী ও হাতিয়া জোনাল কমান্ডারের দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্র সংসদের সাবেক ভাইস প্রেসিডেন্টও ছিলেন তিনি।
১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সম্মিলিত বিরোধী দলের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে তিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
মোশাররফ হোসেন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। পরিবারের বরাতে জানানো হয়েছে, রোববার বাদ আছর রামগতি উপজেলার আলেকজান্ডার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।