সব সংবাদ
শিক্ষা

বান্দরবানের ডিসির মহত্ত্ব: আর্থিক সংকটে পড়াশোনা ছেড়ে দেওয়া ৮ শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন

বান্দরবানে পারিবারিক আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরেপড়া আট শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক সানিউল ফেরদৌস। আগামীতে তাদের চাকরির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একইসাথে বেসরকারি উন্নয়ন সংস্থা 'গ্রাউস' প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে।

বান্দরবান জেলায় পারিবারিক আর্থিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরেপড়া আট শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক (ডিসি) সানিউল ফেরদৌস। সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই শিক্ষার্থীদের শিক্ষাজীবন সফলভাবে শেষ করার পর যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করার আশ্বাসও দিয়েছেন তিনি।

এই মহতী উদ্যোগে সহযোগিতা করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা 'গ্রাউস'। সংস্থাটি ঝরেপড়া সেই আট শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে। পুনরায় শিক্ষাজীবনে ফেরার সুযোগ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছে।

জেলা প্রশাসক সানিউল ফেরদৌস বলেন, কোনো মেধাবী শিক্ষার্থী যেন দারিদ্র্য বা অন্যকোনো কারণে পড়াশোনা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করছে। ঝরেপড়া শিক্ষার্থীদের পড়াশোনার প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে এবং নিয়মিত তাদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যদি মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যায় এবং সফলভাবে শিক্ষাজীবন শেষ করে, তবে তাদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।