নিয়োগের আশ্বাসে ৩ লাখ ঘুস নিয়ে টাকা আত্মসাৎ, ইউএনওতে অভিযোগ
রাজশাহীর বাগমারায় গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নিয়োগের আশ্বাসে ঘুস নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নজরুল ইসলাম প্রায় তিন বছর আগে অফিস সহায়ক পদে নিয়োগের প্রতিশ্রুতি পেয়ে ৩ লাখ টাকা দেন। কিন্তু আজও তাকে নিয়োগ দেওয়া হয়নি।
রাজশাহীর বাগমারা উপজেলায় গোবিন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে ঘুসের টাকা আত্মসাৎর অভিযোগ উঠেছে। গোবিন্দপাড়া ইউনিয়নের গোবিন্দপাড়া গ্রামের ওমর আলীর ছেলে নজরুল ইসলাম এই অভিযোগ করেছেন। জানা যায়, প্রায় তিন বছর আগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা স্কুলে অফিস সহায়ক পদে নিয়োগের আশ্বাস দিয়ে নজরুল ইসলামের কাছে ১২ লাখ টাকা ঘুস দাবি করেন। এর মধ্যে নগদ ৩ লাখ টাকা তিনি গ্রহণ করেন। বাকি টাকা নিয়োগপত্র প্রদানের পর পরিশোধের কথা থাকলেও আজও তাকে নিয়োগ না দিয়ে ওই টাকা আত্মসাৎ করেন। কয়েক দিন আগে নজরুল ইসলাম ও তার পক্ষের লোকজন ঘুসের টাকা ফেরত চাইতে গেলে তাদের হুমকি দেওয়া হয়। এরপর থানায় জিডি করেন তারা। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকালে স্কুলসংলগ্ন জিল্লুর মোড়ে এলাকার মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। অভিযুক্ত প্রধান শিক্ষিকা আয়েশা সিদ্দিকা ৩ লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেছেন, রাজনৈতিক জটিলতার কারণে নিয়োগ না হওয়ায় বিদ্যালয়ের সাবেক সভাপতি কছিমুদ্দিন ওই টাকা ফেরত নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহম্মেদ বলেছেন, লিখিত অভিযোগ পেয়েছেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।