দুধকুমার নদী বিপৎসীমা ছাড়িয়ে প্রবাহিত, পানিবন্দি ৩ হাজার মানুষ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে তিন দিনের টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুধকুমার নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর দুই কূলের নিচু অঞ্চল প্লাবিত হয়ে প্রায় ৩ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার প্রধান নদ দুধকুমারের পানি বিপৎসীমা ছাড়িয়ে গেছে। সোমবার বিকাল ৩টায় পাটেশ্বরী পয়েন্টে নদীর পানির স্তর রেকর্ড করা হয়েছে ২৯.৮৪ সেন্টিমিটার, যেখানে বিপদসীমা ২৯.৬০ সেন্টিমিটার। ফলে নদীর পানি বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর দুই তীরের চর ও ডুবোচরে পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় ৩ হাজার মানুষ।
দুধকুমার নদের অববাহিকার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই ও দক্ষিণছাট গোপালপুর গ্রামের চার শতাধিক বাড়িঘরে পানি ঢুকেছে। পাইকেরছড়া, সোনাহাট, চর ভূরুঙ্গামারী ও আন্ধারিঝাড় ইউনিয়নের বেশকিছু চরাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে শাক-সবজি ও বিভিন্ন ফসলের আবাদ।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, নদ-নদীর পানি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এতে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় শুকনো খাবার ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। জরুরি ত্রাণ সহায়তা হিসেবে ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া গেছে, যা মঙ্গলবার থেকে বিতরণ করা হবে।