সব সংবাদ
জাতীয়

জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস

জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাস হয়েছে। এতে ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো এবং বিনিয়োগের তথ্য প্রকাশসহ বেশ কয়েকটি প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

জাতীয় সংসদে সোমবার (২৯ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবিল-২০২৬ উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাস হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। সংশোধিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ অর্থবছরে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ অর্থবছরে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত প্রস্তাব, ব্যাংক হিসাব খোলায় টিআইএন সনদ বাধ্যতামূলক করা এবং সম্পত্তি নিবন্ধনে টিআইএন সনদ বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন। পার্বত্য তিন জেলা ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর-সুবিধা আরও সম্প্রসারণের প্রস্তাব দেন। চিংড়ি খাতে আমদানি করা খাদ্য, প্রোবায়োটিক, ভিটামিনসহ সংশ্লিষ্ট উপকরণের ওপর সব শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়। দেশীয় শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক-সুবিধা বাড়ানোর পাশাপাশি মধুর ওপর ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেন। পিভিসি ও পিইটি রেজিনের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়। ফায়ার ডোর ও বৈদ্যুতিক কেবল উৎপাদনে ব্যবহৃত কিছু উপকরণের ওপর প্রস্তাবিত নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেন। আমদানি করা ফায়ার ব্রিকের ওপর প্রস্তাবিত ১৫ শতাংশ ভ্যাট ও অগ্রিম কর বাতিলের প্রস্তাব করা হয়। কাজুবাদাম প্রক্রিয়াজাত শিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা অপরিশোধিত কাজুবাদামের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে উৎপাদিত এলইডি বাতি ও প্রিফ্যাব্রিকেটেড ভবনের কাঁচামাল আমদানির শুল্ক-সুবিধার মেয়াদ ৩০ জুন ২০৩০ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপনের ওপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। সোনা, প্লাটিনাম ও হীরার গহনার ওপর ভ্যাট ২ হাজার ৫০০ টাকা এবং রুপার গহনার ওপর ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। দেশীয় মোটরগাড়ি শিল্পে স্থানীয়ভাবে উৎপাদিত ডাবল কেবিন পিকআপ ও মাইক্রোবাসের ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

মূল প্রতিবেদন (Reference): সংসদে অর্থবিল-২০২৬ পাস — Daily Inqilab