রেকর্ডের পর রেকর্ড গড়ে নতুন বছরে গুলশান টোস্টমাস্টার্স ক্লাব
গুলশান টোস্টমাস্টার্স ক্লাব একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে বছর পার করেছে। সদস্য বৃদ্ধি ও শিক্ষা কার্যক্রমে সাফল্যের জন্য তারা স্মেডলি ডিস্টিংগুইশড ক্লাব মর্যাদাসহ একাধিক পুরস্কার পেয়েছে।
গুলশান টোস্টমাস্টার্স ক্লাব পাবলিক স্পিকিংয়ে দক্ষতা তৈরি এবং সদস্যদের নেতৃত্ব প্রশিক্ষণে একের পর এক সাফল্য অর্জন করে বছর পার করেছে। তারা আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে।
টোস্টমাস্টার ইন্টারন্যাশনাল এবং ডিস্ট্রিক্ট পর্যায়ে একমাত্র বাংলাদেশি ক্লাব হিসেবে সেরা স্বীকৃতি পেয়েছে ক্লাবটি। বিদায়ী বছরে তারা অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
সদস্য বৃদ্ধিতে সাফল্যের জন্য ক্লাবটি পেয়েছে স্মেডলি পুরস্কার এবং টক আপ পুরস্কার। শিক্ষা, নেতৃত্ব, কর্মকর্তা প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমে নির্ধারিত সব লক্ষ্য পূরণ করে অর্জন করেছে স্মেডলি ডিস্টিংগুইশড ক্লাব মর্যাদা, যা টোস্টমাস্টার্সের সর্বোচ্চ ক্লাব স্বীকৃতি। এই স্বীকৃতি অর্জনের জন্য শিক্ষা-সংক্রান্ত ছয়টি এবং প্রশিক্ষণ ও প্রশাসনিক চারটিসহ মোট দশটি লক্ষ্য পূরণ করতে হয়েছে।
এছাড়া জেলা ১২৪-এর অধীনে ক্লাবটি অর্জন করেছে সুপার এইট পুরস্কার এবং গোল্ডেন গ্যাভেল সম্মাননা। এছাড়া তারা জায়গা করে নিয়েছে 'হল অব ফেম'-এ, যা ক্লাব পর্যায়ের সর্বোচ্চ পুরস্কার।
ক্লাবের সদস্য ওয়াহিদা জামান সিথি উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে ভারতের নয়ডায় অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করেন। সেখানে ভারত, বাংলাদেশ ও ভুটানের সেরা বক্তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দ্বিতীয় রানার-আপ হয়েছেন।
ক্লাবের সভাপতি শারমিন হোসেন সারা নেতৃত্ব, সদস্য উন্নয়ন, শিক্ষা কার্যক্রম এবং ক্লাব পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষসেরা টোস্টমাস্টার নির্বাচিত হয়েছেন।
২০১৯ সালে যাত্রা শুরু করা গুলশান টোস্ট মাস্টার্স ক্লাব সম্প্রতি গ্রান্ড আয়োজনে ক্লাবের সাত বছর উদযাপন করেছে এবং পরিচালনা করেছে ১৭৫তম অধিবেশন। রাজধানীর বনানীর ক্লাব নটরডেমিয়ানে এই আয়োজন করা হয়।
নতুন মেয়াদের জন্য ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন শারমিন হোসেন সারা। সহসভাপতি (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াহিদা জামান সিথি। সহসভাপতি (সদস্য) নির্বাচিত হয়েছেন সৈয়দ নাঈমুল হোসেইন। সহসভাপতি (জনসংযোগ) হয়েছেন নাজমুল চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন সুলাইমান নিলয়। ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রাজিবুল ইসলাম।
নতুন কমিটির নেতারা জানান, বিদায়ী বছরের অর্জন ধরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক বক্তৃতা প্রতিযোগিতায় বাংলাদেশের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করা, নতুন বক্তা ও নেতৃত্ব তৈরি করা এবং গুলশান টোস্টমাস্টার্স ক্লাবকে দেশের অন্যতম সেরা ক্লাব হিসেবে আরও এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য।