হবিগঞ্জ সীমান্তে ভারতীয় পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করছে বিজিবি
হবিগঞ্জ সীমান্তে ভারত থেকে পুশ-ইন প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২৪ ঘণ্টা টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। গত ২৭ ও ২৮ জুন রাতে বিএসএফের পক্ষ থেকে একাধিক পুশ-ইনের চেষ্টা করা হলেও বিজিবি তা প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে।
হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় ভারত থেকে কথিত পুশ-ইনের প্রচেষ্টা প্রতিরোধে টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে জেলা প্রশাসন, পুলিশ, আনসার-ভিডিপি, গ্রাম পুলিশ এবং সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিয়ে সমন্বিতভাবে সীমান্ত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলার ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে ১৬টি সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে ২৪ ঘণ্টা টহল, গোয়েন্দা নজরদারি ও সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় উঠান বৈঠক, মাইকিং ও জনসচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে।
বিজিবির দাবি, স্থানীয় কৃষক, চা-শ্রমিক, শ্রমজীবী মানুষ, গ্রাম পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের সহযোগিতায় সীমান্তে একটি সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে। এর ফলে এখন পর্যন্ত হবিগঞ্জ সীমান্ত দিয়ে কোনো পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশ ঘটেনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৭ ও ২৮ জুন রাত ও ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এবং চুনারুঘাট উপজেলার গুইবিল সীমান্ত এলাকায় বিএসএফের পক্ষ থেকে একাধিক পুশ-ইনের চেষ্টা করা হয়। বিজিবির টহল দল তা সীমান্তের শূন্য লাইনে প্রতিহত করেছে বলে দাবি করা হয়েছে।
৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, হবিগঞ্জ সীমান্তে বিজিবির পাশাপাশি জেলা প্রশাসন, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি ও স্থানীয় জনগণ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছেন। সীমান্তের প্রতিটি ইঞ্চি নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো ধরনের পুশ-ইন বা অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
বিজিবি জানিয়েছে, বর্তমানে হবিগঞ্জ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বাহিনীটি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছে।