সব সংবাদ
অর্থনীতি

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আহসান হাবিবকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি কর ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা এবং এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পূর্বপদে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক ছিলেন তিনি। এছাড়া তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবেও পদায়ন করা হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব। আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের এ কর্মকর্তা আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন তিনি। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে তাকে এ পদে বসানোর তথ্য জানায়। প্রজ্ঞাপনে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে পদায়নের কথাও বলা হয়েছে। এর আগে আহসান হাবিব এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক (ডিজি) ছিলেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই সিআইসি প্রধানের দায়িত্ব পান আহসান হাবিব। দায়িত্ব নেওয়ার পর থেকেই বড় শিল্প গ্রুপগুলোর 'কর ফাঁকি' সামনে আনতে থাকেন তিনি। মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অগাস্টে ক্ষমতা নেওয়ার পর কর প্রশাসনে রদবদল আনে। ওই বছরের সেপ্টেম্বরে সিআইসি থেকে শুরু করে একযোগে দেশের ৪০ জন কর কমিশনারকে বদলি করা হয়, যা এনবিআরের ইতিহাসে বিরল। এ রদবদলের অংশ হিসেবে তখনকার সিআইসির মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে বদলি করা হয়। তার স্থলে বসানো হয় তৎকালীন ঢাকার কর অঞ্চল-১৫ এর কমিশনার আহসান হাবিবকে। আহসান হাবিব কর অঞ্চলের দায়িত্বে থাকা অবস্থাতেই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ পরিবারের ব্যাংক হিসাব তলব ও কর ফাঁকি উদ্ঘাটনে কাজ শুরু করলে কিছু দিনের মাথায় তাকে গোয়েন্দা সংস্থায় পদায়ন করা হয়। পরে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগ মুহূর্তে পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পান তিনি। চব্বিশের ক্ষমতার পালাবদলের ধারায় এনবিআর চেয়ারম্যান করা হয় তখনকার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানকে। তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবও করা হয়েছিল। আবদুর রহমান খান এনবিআর দেখভালের দায়িত্ব নেওয়ার পর এনবিআরের মূল কর্মীদের পদোন্নতি ও পদায়ন সংকুচিত হওয়ার শঙ্কা থেকে কর্মীরা আন্দোলনে নামলে এনবিআর চেয়ারম্যানও এর উত্তাপ থেকে বেরুতে পারেনি। তার বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামেন এনবিআরের কর অঞ্চল, কাস্টম হাউজ ও ভ্যাট অফিসের কর্মীরা। সোমবার ছিল আবদুর রহমান খানের চাকরির শেষ কর্মদিবস। এদিন সরকার তার জায়গায় আহসান হাবিবকে বসানোর সিদ্ধান্ত জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা আহসান হাবিব কর ক্যাডারের মেধাতালিকায় তার ব্যাচে দ্বিতীয় ছিলেন। পরে ছয় মাসের বিভাগীয় প্রশিক্ষণে তিনি প্রথম হন। সরকারের এ পদায়নের ক্ষেত্রে তার ক্যাডারেরই তিনজন জেষ্ঠ্য কর্মকর্তাকে পেছনে ফেলেন তিনি। তিনজনই কর ক্যাডারের ১৩ ব্যাচের কর্মকর্তা। কাস্টমস ক্যাডারেও ১৩ ব্যাচের তিনজন কর্মকর্তা বর্তমানে এনবিআরের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।